‌‘সন্ধ্যা ৬ টার পরে ওষুধের দোকান ছাড়া আর কোন দোকান খোলা থাকবে না'

মাদারীপুরে সন্ধ্যা ৬ টার পরে ওষুধের দোকান ছাড়া আর কোন দোকান খোলা থাকবে না, যদি কেউ অহেতুক বাইরে ঘোরাঘুরি বা দোকান খোলা রাখে তাহলে শাস্তি ও জরিমানা করা হবে বলে সতর্ক করেছেন শাজাহান খান এমপি।

বৃহস্পতিবার মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের হাউসদী বাজারে কর্মহীন ১ হাজার পরিবারের মাঝে জেলা পরিষদের সদস্য ফারুক খানের ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি এ কথা বলেন।

বৃহস্পতিবার মাদারীপুরে করোনাভাইরাস মোকাবিলায় বেশ কয়েকটি স্থানে খাদ্য সামগ্রী বিতরণের অনুষ্ঠানে তিনি যোগ দেন।

মাদারীপুর শহরের পুরান বাজার এলাকায় চেম্বার অব কমার্স এর সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খানের ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন ১ হাজার কুলি শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সেখানে শাজাহান খান বলেন, দেশে খাদ্য সংকট নেই, সরকার যথেষ্ট খাদ্য মজুত রেখেছেন। আর গরিবের ত্রাণ নিয়ে খেলা করা যাবে না, তাহলে কঠিন শাস্তি পেতে হবে।

করোনার কারণে সরকার ঘোষিত বন্ধ থাকা মাদারীপুর শহরের হায়দার কাজী জুট মিলের ৫০০ শ্রমিকের মাঝে দুপুরের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় শাজাহান খান বলেন, এভাবে প্রতিটি মিল কারখানার মালিকেরা যদি শ্রমিকদের পাশে দাঁড়াতো তাহলে এ দুর্যোগের সময় কর্মহীন মানুষের কষ্ট লাঘব হতো।

ত্রাণ বিতরণকালে বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, সদর উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান কালু খান, দুধখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আউয়ুব খান, আলহাজ্ব কাজী হায়দার হোসেন, কাজী আকতার হোসেন, কাজী মোকতার হোসেন, কাজী সাত্তার হোসেন প্রমুখ।

চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে বৃহস্পতিবার সকালে জেলার শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের বেদে পল্লিতে শতাধিক বেদে পরিবারের মাঝে খাবার সহায়তা প্রদান করা হয়।