মানুষের জমায়েত করে ত্রাণ বিতরণ এমপির

কুষ্টিয়ার দৌলতপুরে প্রায় ৫ শতাধিক লোক জড়ো করে চাল ব্যবসায়ীদের দেওয়া চাল বিতরণ করেছেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশা।

বৃহস্পতিবার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া ডাকবাংলা চত্বরে এ চাল বিতরণ করেন তিনি। এতে সামাজিক দূরত্ব স্থাপনের কঠোর নির্দেশনা থাকলেও তা মানা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দৌলতপুর চাল ব্যবসায়ী সমিতির সভাপতি বিরাজ হোসেনের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ. কা. ম সরওয়ার জাহান বাদশা।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার মো. তৌহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক টিপু নেওয়াজ, দৌলতপুর ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মো. আতিয়ার রহমান, দৌলতপুর থানার উপপরিদর্শক আজম ও দৌলতপুর চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনসহ শতাধিক স্থানীয় আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীরা।  

দৌলতপুর চাল ব্যবসায়ী সমিতির আয়োজনে তারাগুনিয়া এলাকার ৪০০ জন দরিদ্র ব্যক্তির মাঝে ৫ কেজি চাল, আধ-কেজি তেল, আধ-কেজি ডাল ও একটি সাবান বিতরণ করা হয় বলে নিশ্চিত করেন সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।

করোনাভাইরাস বিস্তার রোধে সামাজিক দূরত্ব স্থাপনে সরকারি নির্দেশনা মেনে ত্রাণ বিতরণ করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী বলেন, আমরা অনেক চেষ্টা করেছি সামাজিক দূরত্ব বজায় রাখার। কিন্তু ত্রাণ বিতরণ শুরু করার পরে আর ট্যাকেল করা যায়নি। তা ছাড়া আপনারা যে ছবি পেয়েছেন ওই ছবির বিষয়ে তো আর আমার বক্তব্য নেওয়ার কিছু নাই। আপনি বরং এমপি স্যারের সঙ্গে কথা বলেন।

তবে এ বিষয়ে সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশার মুঠোফোনে কল করে এবং খুদে বার্তা দিলেও কোন সাড়া পাওয়া যায়নি।