সোনারগাঁয়ে এক ইউপি সদস্যসহ ৬ জনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বর্তমান করোনা পরিস্থিতিতে জনসমাগম না করার সরকারি নির্দেশনা থাকলেও এ নির্দেশনা অমান্য করে উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ভৌমিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির সমর্থকরা ভৌমিকপাড়া এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার কয়েকশ নারী-পুরুষ অংশ নিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। এলাকাবাসী জানায়, বুধবার সকালে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য নেহাল উদ্দিন মেম্বারসহ তার লোকজন বাড়িতে ফেরার পথে পরিকল্পিতভাবে লাধুরচর পাঁচানীপাড়া এলাকায় বাবুলের নেতৃত্বে আউয়াল, আশিক, মিজান, এছাক, সিরাজ, আল-আমিন, আলমগীর, দাউদ, রিপন, হারুন, মোজাম্মেল, কালাই চাঁন ও মুসা দেশীয় অস্ত্র নিয়ে ইউপি সদস্য নেহাল উদ্দিন, সিরাজ, আমিন উদ্দিন, জহিরুল, কায়েস, শাহিন ও তানভীর হোসেন রুবেলের পথরোধ করে তাদের পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে।