২০২৪ সালে এলডিসি থেকে উত্তরণ চায় না সানেম

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে টালমাটাল বিশ^ অর্থনীতি। করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রাজস্ব আদায়, প্রবাসী আয়, আমদানি-রপ্তানিসহ অর্থনীতির সব সূচকই স্থবির। কবে নাগাদ সবকিছু স্বাভাবিক হয়ে ওঠে, তা বলা অনিশ্চিত। তাই ২০২৪ সালের মধ্যে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়ার যে পরিকল্পনা রয়েছে, সেই সময় বাড়ানোর পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)। কমপক্ষে তিন বছরের জন্য এলডিসি থেকে উত্তরণের সময়কাল বিলম্বিত করার পরামর্শ দিয়েছে সানেম। স্থবির হয়ে যাওয়া অর্থনীতিকে আগের জায়গায় ফিরিয়ে নিতে দুই বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনা গ্রহণ করতেও সরকারের কাছে প্রস্তাব তুলে ধরেছে সানেম। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বর্তমান পরিস্থিতিতে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার পরিবর্তে দুই বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন।