টেলিভিশনে পাঠদানের নতুন রুটিন প্রকাশ

মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সংসদ টেলিভিশনে পাঠদানের নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। দেশব্যাপী সাধারণ ছুটি বাড়ানোর সঙ্গে সঙ্গে গতকাল বৃহস্পতিবার নতুন এই রুটিন প্রকাশ করা হয়। আগামী ৫ এপ্রিল রবিবার থেকে ৯ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত এই রুটিন কার্যকর হবে। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার বাদ দিয়ে রবিবার থেকে বৃহস্পতিবার সপ্তাহে ৫ দিন আগের মতো ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিভিন্ন বিষয়ের আটটি করে ক্লাস রাখা হয়েছে।

যতদিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না হবে ততদিন টেলিভিশনে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে। তবে প্রতি এক সপ্তাহ পরপর নতুন করে সময়সূচি প্রকাশ করা হবে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে।

মাউশির পরিচালক (প্রশিক্ষণ) অধ্যাপক প্রবীর কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত নতুন রুটিনে বলা হয়, রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টা ৫ মিনিট থেকে প্রথম পিরিয়ডে ষষ্ঠ শ্রেণির গণিত ক্লাস শুরু হবে। এদিন দ্বিতীয় পিরিয়ডে বিজ্ঞান বিষয়ের ক্লাস নেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণির ক্লাস কার্যক্রম চলবে। প্রতিদিন সকালে ক্লাস শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশন এবং করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য বার্তা প্রচার করা হয়। বিস্তারিত রুটিন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (যঃঃঢ়://িি.ি ফংযব. মড়া. নফ/) পাওয়া যাচ্ছে। আগামী ৯ এপ্রিল পর্যন্ত এ রুটিন অনুযায়ী ধারাবাহিকতায় সংসদ টেলিভিশনে শ্রেণি পাঠদান চালানো হবে।

এর আগে করোনাভাইরাসের কারণে ছুটির সময়ের ঘাটতি পূরণে প্রথম ধাপে ২ এপ্রিল পর্যন্ত ক্লাস রুটিন প্রকাশ করা হয়। এরপর গতকাল দ্বিতীয় ধাপে ক্লাস রুটিন প্রকাশ করা হলো। তবে তিন মাসের জন্য টেলিভিশনে পাঠদান কার্যক্রম চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে মাউশির মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত শনিবার ‘আমার ঘরে আমার স্কুল’ নামে সংসদ বাংলাদেশ টেলিভিশন ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পাঠদান কার্যক্রম শুরু করে। রাজধানীর স্বনামধন্য শিক্ষকদের নিয়ে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের সিলেবাস অনুসারে ক্লাস রেকর্ডিং করা হয়েছে। প্রতিটি ক্লাস ২০ মিনিট করে প্রচার করা হয়, তার সঙ্গে প্রতিদিনের শিক্ষার্থীদের জন্য হোম ওয়ার্ক দেওয়া হয়। পরদিন তা টেলিভিশনের স্ক্রিনে সঠিক উত্তরগুলো দেখানো হচ্ছে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রচার হওয়া ক্লাসগুলো পুনঃপ্রচার করা হয়ে থাকে।