খেলোয়াড়দের ৭০ শতাংশ কম বেতন দেবে আতলেতিকোও

করোনাভাইরাসের কারণে অন্য সব ক্লাবের মতো অর্থনৈতিক চাপে পড়া আতলেতিকো মাদ্রিদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ক্লাবটির খেলোয়াড়েরা। ক্লাবের প্রস্তাবে ৭০ শতাংশ কম বেতন নিতে সম্মতি জানিয়েছেন তারা।

ক্লাবের শীর্ষ দল, নারী দল ও ‘বি’ দলের সব খেলোয়াড় ও কোচিং স্টাফদের সবাই বেতন কর্তনের এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আতলেতিকো।

এর আগে লা লিগার আরেক দল বার্সেলোনাও তাদের খেলোয়াড় ও কোচিং স্টাফদের ৭০ শতাংশ বেতন কম দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত মেনেও নিয়েছে লিওনের মেসি ও লুইস সুয়ারেসরা।

আগামী চার মাস ক্রিস্টিয়ানো রোনালদো, পাওলো দিবালাদের কম বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জুভেন্তাসও।

এই পরিস্থিতিতে জার্মানির বুন্ডেসলিগার দল বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়রাও ক্লাবের কম বেতন দেওয়ার প্রস্তাবে রাজি হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর খেলোয়াড়দের বেতনও কমানো হতে পারে জানা গেছে।