নওগাঁর রাণীনগরে এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ১৩৮বস্তা ভিজিডির কর্মসূচির সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ সময় আরও দুই শতাধিক খালি বস্তা পাওয়া গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আয়াত আলীর (৬০) বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়।
আয়াত আলীর গ্রামের বাড়ি থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনের নেতৃত্বে থানা পুলিশের সহায়তায় এসব চাল ও বস্তা উদ্ধার করা হয়।
ইউএনও আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়াত আলীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ মেট্রিকটন ভিজিডির কর্মসূচির সরকারি চাল এবং ওই চালের ২০০টি খালি বস্তা উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, আয়াত আলী পলাতক থাকায় সে কোথা থেকে কীভাবে এই চালগুলো সংগ্রহ করেছে তা জানা সম্ভব হয়নি। দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউএনও আরও জানান, উদ্ধারকৃত চাল স্থানীয় কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের হেফাজতে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।