করিমগঞ্জে আগুনে ১৮ দোকান ভস্মীভূত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় আগুনে ১৮টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সকাল ৭টার দিকে নিয়ামতপুর ইউনিয়নের নিয়ামতপুর বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

অগ্নিকাণ্ডের খবর শুনে তাৎক্ষণিক গাড়ি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তসলিমা নুর হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন।

পরে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও তাড়াইলের ১টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কিন্তু এর আগেই ১৮টি দোকান পুড়ে অন্তত ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মোবারক হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তদন্তের পর সঠিক কারণ জানানো যাবে। ক্ষয়ক্ষতির বিষয়টি এখনই সঠিক করে বলা যাচ্ছে না।

উপজেলা নিবাহী অফিসার (ইউএনও) তসলিমা নুর হোসেন জানান, দোকান ঘরে অগ্নিনিরোধক থাকলে তাৎক্ষণিক আগুন নিভিয়ে নিয়ন্ত্রণে আনা যেতো। ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে উপজেলা ত্রাণ তহবিল থেকে ২ বান্ডেল টিন ও কিছু টাকা দিয়ে সহযোগিতা করা হবে।