ভৈরবে সামাজিক বিচ্ছিন্নতা না মানায় ১৯ জনকে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে সামাজিক বিচ্ছিন্নতা না মানায় ১৯ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা ও সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা পরিচালিত পৃথক ভ্রাম্যমাণ আদালত এই ১৯ ব্যক্তির কাছ থেকে ৩২ হাজার ৭০০ টাকা জরিমানা হিসেবে আদায় করেন।

শুক্রবার তারা পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। অভিযানে ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু এবং ওসি মো. শাহীনসহ পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন বলে জানান এই দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, অভিযানে তিনি পৌর এলাকার ফেরিঘাট, গাছতলাঘাট ও শম্ভুপুর এবং গজারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় সামাজিক বিচ্ছিন্নতা না মানায় ১৪ ব্যক্তিকে আটক করেন। পরে তাদের কাছ থেকে জরিমানা বাবদ আদায় করেন ১৯ হাজার টাকা।

অপরদিকে সহকারী কমিশনার হিমাদ্রী খীসা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ব্যক্তির কাছ থেকে জরিমানা হিসেবে আদায় করেন ১৩ হাজার ৭০০ টাকা।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার হিমাদ্রী খীসা জানান, করোনাভাইরাসের মহামারী ঠেকাতে আমরা লোকজনকে বাড়ির বাইরে বের না হতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু তারা আমাদের কথা অমান্য বাড়ি থেকে বের হচ্ছে। আড্ডা দিচ্ছে। ঘুরে বেড়াচ্ছে। তাই আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি।