লোহাগাড়া ও সাতকানিয়ায় আমিনুল ইসলামের পাঠানো ত্রাণ বিতরণ শুরু

করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সবকিছু বন্ধ থাকায় দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলামের অর্থায়নে ১৮ শ শ্রমজীবী, খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে সাহায্য পৌঁছে দেয়ার কর্মসূচি শুরু হয়েছে।

এর অংশ হিসেবে শুক্রবার বিকেল ৫টায় লোহাগাড়ায় দ্বিতীয় কিস্তিতে ৪০০ পরিবারকে সাহায্য করার জন্য স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়।

আমিনুল ইসলামের পক্ষে স্থানীয় নেতৃবৃন্দের কাছে এসব ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী।

এদিকে, বুধ, বৃহস্পতি ও শুক্রবার আমিনুল ইসলামের পক্ষে সাতকানিয়ায় ১ হাজার কর্মহীন শ্রমজীবী মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ইতিপূর্বেও লোহাগাড়ায় প্রথম কিস্তিতে স্থানীয় দলীয় নেতাকর্মীদের মাধ্যমে ৪০০ জন কর্মহীন শ্রমজীবী মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছানো হয়েছে। বিতরণকৃত এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ ও ১টি সাবান।