গাইবান্ধার সাদুল্লাপুরে ধানের জমিতে কীটনাশক প্রয়োগ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা মা সাধনা রানী (৫০) ও তার ছেলে উৎপল সরকার (১৯)।
সাদুল্লাপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নিজের ধানের জমিতে কীটনাশক প্রয়োগ করতে যান উৎপল সরকার। এ সময় ধানের জমিতে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান উৎপল। কিন্তু সন্ধ্যা হলেও উৎপল বাড়ি না ফেরায় মা সাধনা রানী ছেলেকে খুঁজতে জমির দিকে যান। এ সময় ছেলেকে জমিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা টের পেয়ে মা ও ছেলেকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা দেশ রূপান্তরকে বলেন, খবর পেয়ে শুক্রবার রাতে মা ও ছেলেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।