চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় এলাকার চারটি বাড়ির ১২ পরিবারকে লকডাউন করেছে সাতকানিয়া উপজেলা প্রশাসন।
চট্টগ্রামের দামপাড়া এলাকায় করোনা সংক্রমণ হওয়ায় ব্যক্তির নিকটাত্মীয় হওয়ায় এবং পরোক্ষভাবে ওই ব্যক্তির সংস্পর্শে আসার সম্ভাবনা থাকার কারণে শুক্রবার মধ্যরাত থেকে এ পরিবারগুলোকে লকডাউন করা হয়। পাশাপাশি এসব পরিবারের সকল সদস্যদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাড়ির ভেতরে অবস্থানের নির্দেশ দেয়া হয়েছে।
জানা যায়, চট্টগ্রামের দামপাড়ায় যে ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন তার মেয়ে ও মেয়ের শাশুড়ি গত ১২ মার্চ সৌদি আরব থেকে ওমরাহ পালন শেষে সাতকানিয়া পুরাগড় নিজবাড়িতে আসার পথে বেয়াইয়ের চট্টগ্রামের দামপাড়া বাসায় কিছুক্ষণ অবস্থান করেন।
পরবর্তীতে তার নিজ এলাকা সাতকানিয়া পুরানগড়ে ফেরেন। এ তথ্য জানার পর থেকে উপজেলা প্রশাসন পুরানগড়ের ওই বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউনের সিদ্ধান্ত নেন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর এ আলম জানান, চট্টগ্রামের দামপাড়ার আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার কারণে ওই ৪টি বাড়ির ১২টি পরিবারকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়িগুলোতে লাল পতাকা টাঙানো হয়েছে এবং তারা পুলিশের নজরদারিতে থাকবেন।
তবে তাদের কোনো চিকিৎসা লাগলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে যোগাযোগ রাখবেন।