করোনায় জাম্পাসহ অস্ট্রেলিয়ার ৮ ক্রিকেটারের বিয়ে স্থগিত

করোনাভাইরাসের কারণে মানুষের স্বাভাবিক জীবন-যাপন থমকে গেছে। অনেক দেশেই চলছে লকডাউন। খেলাধুলাও স্থগিত। ক্রীড়া তারকাদেরও তাই বন্দী সময় কাটছে। শুধু তাই নয়। অনেকে বিয়েও পিছিয়ে দিতে বাধ্য হচ্ছেন।

অস্ট্রেলিয়ায় যেমন অ্যাডাম জাম্পা, ডি’অর্চি শর্ট সহ ৮ ক্রিকেটার নিজেদের বিয়ে পিছিয়ে দিয়েছেন। ক্রিকইনফো তাদের প্রতিবেদনে বলছে, ক্রিকেট মৌসুম শেষে এপ্রিলে বিয়ের পরিকল্পনা করছিলেন এক ঝাঁক অজি ক্রিকেটার।

জাম্পা, ডি’ অর্চি ছাড়াও এই তালিকায় আছেন অজি জাতীয় দলের পেসার জ্যাকসন বার্ড। এ ছাড়াও আছেন আন্তর্জাতিক ক্রিকেটে পা না রাখা মিচেল সোয়েপসন, অ্যালিস্টার ম্যাকডারমট, অ্যান্ড্রু টাই, জেস জোনাসেন ও ক্যাটেলিন ফ্রেট।

শুধু অস্ট্রেলিয়াতেই নয়। দক্ষিণ আফ্রিকাতেও এমন ঘটনা ঘটেছে। দেশটির নারী ক্রিকেটার লিজেলে লি-র বিয়ের দিনক্ষণ চূড়ান্ত ছিল। ১০ এপ্রিল বিয়ে করার কথা ছিল তার। কিন্তু সেটিও স্থগিত হয়ে গেছে।