টোকিও অলিম্পিকে ফুটবলারদের বয়সসীমা বাড়ল

অলিম্পিক আসরে ছেলেদের ফুটবল ইভেন্টে অংশ নিতে পারেন অনূর্ধ্ব-২৩ বছর বয়সী ফুটবলাররা। তবে করোনাভাইরাসের কারণে টোকিও অলিম্পিক পিছিয়ে যাওয়ায় ফুটবলারদের বয়সসীমা বাড়ানো হয়েছে।

২০২১ সালে হতে যাওয়া টোকিও অলিম্পিকে অংশ নিতে পারবেন অনূর্ধ্ব-২৪ বছর বয়সী ফুটবলাররা।

এ বছর জুলাই-আগস্টে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হওয়া কথা ছিল অলিম্পিকের আসর। কিন্তু করোনাভাইরাসের কারণে তা এক বছর পিছিয়ে গেছে। এতে ফুটবলারদের বয়সসীমা নিয়ে জটিলতাই তৈরি হয়েছিল। সেই জটিলতা নিরসন হলো ফিফার ঘোষণায়।

ফলে ১ জানুয়ারি ১৯৯৭ সাল থেকে এরপর জন্ম নেওয়া ফুটবলাররা অংশ নিতে পারবেন টোকিও অলিম্পিকে। এ ছাড়া নির্ধারিত বয়সের বেশি সর্বোচ্চ তিনজন খেলোয়াড় দলে রাখার নিয়ম বহাল থাকছে।

অলিম্পিকে মেয়েদের ফুটবলে কোনো বয়সসীমা নেই। ২০২১ সালের ২৩ জুলাই পর্দা উঠবে অলিম্পিকের। সমাপনী অনুষ্ঠান ৮ আগস্ট। উদ্বোধনী দিনেই মাঠে গড়াবে ফুটবল ইভেন্ট।