মণিরামপুরে কাবিখার ৫৫৫ বস্তা চাল জব্দ

যশোরের মনিরামপুরে শনিবার বিকেলে পুলিশ একটি রাইস মিলে অভিযান চালিয়ে  কাবিখা (কাজের বিনিময় খাদ্য কর্মসূচি) প্রকল্পের ৫৫৫ বস্তা চাল জব্দ করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ  চাতাল মালিক ও এক ট্রাক চালককে আটক করেছে। 

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, খুলনা সরকারি খাদ্য গুদাম থেকে চালভর্তি একটি  ট্রাক মনিরামপুর পৌরশহরের বিজয়রামপুরে ভাইভাই রাইস মিল অ্যান্ড চাতালে আনা হয়েছে- এমন সংবাদে পুলিশ রাইস মিল ঘিরে রাখে।

পরে উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী এবং থানার ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে চাতালে অভিযান শুরু হয়। এ সময় চাতালের গুদাম থেকে সরকারি কাবিখা প্রকল্পের ৫৫৫ বস্তা চাল জব্দ করা হয়।

এ সময় আটক করা হয় চাতাল মালিক আবদুল্লাহ আল মামুন এবং ট্রাক চালক ফরিদ হাওলাদারকে।

রাতে এ রিপোর্ট লেখার সময় পুলিশ কর্মকর্তারা ওই  জব্দকৃত চালের সিজার লিস্ট করছিলেন।

ট্রাক চালক ফরিদ হাওলাদার জানান, খুলনা সরকারি খাদ্য গুদাম থেকে মোট পাঁচ ট্রাক চাল আনা হয় মনিরামপুরে। এর মধ্যে চার ট্রাক চাল সরকারি খাদ্যগুদামে আনা হয়।

তিনি জানান, একজন কর্মকর্তার নির্দেশে ট্রাকভর্তি চাল এ চাতালে এনে নামানো হয়।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত অফিসার(ওসিএলএজডি) মনিরুজ্জামান মুন্না জানান, খুলনা বিভাগীয় খাদ্য গুদাম থেকে সরকারি কাবিখা প্রকল্পের তিন ট্রাক চাল তিনি গ্রহণ করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী বলেন, সরকারি চাল কোন অবস্থাতেই অন্য কোথাও মজুতের সুযোগ নেই। এ ঘটনায় থানায় মামলা করা হচ্ছে।