ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল আটটার দিকে জেলার নলছিটি উপজেলার ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়পুর নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন। শুক্রবার রাতের কোন এক সময় যানবাহনের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, সকালে অজ্ঞাত যুবকের লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে আমরা জেনেছি দুর্ঘটনায় নিহত ছেলেটি পাগল ছিল। আমরা ওর পরিচয় জানার চেষ্টা করছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।