গার্মেন্টস শ্রমিকদের দল বেঁধে ফেরা নিয়ে রুবেলের উদ্বেগ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়ে সামাজিক যোগযোগ মাধ্যমে বেশ অ্যাকটিভ জাতীয় দলের পেসার রুবেল হোসেন। সবাইকে সচেতন করতে নিয়মিত বার্তা দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে। অসহায়দের মাঝে ত্রাণও বিতরণ করেছেন। ডানহাতি এই পেসার এবার উদ্বেগ প্রকাশ করলেন- দল বেঁধে গার্মেন্টস শ্রমিকদের ঢাকায় ফেরা নিয়ে।

করোনাভাইরাসের কারণে প্রথম দফায় ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার। পরে সেটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

৪ এপ্রিল পর্যন্ত অনেক পোশাক কারখানাও বন্ধ ঘোষণা করা হয়েছিল। সেই ছুটি শেষে অনেকেই শনিবার রাজধানীমুখী হন।

ঢাকার পেশাজীবী মানুষদের সবচেয়ে বড় অংশটা গার্মেন্টস শ্রমিক। তাই সংখ্যাটা নেহাত কম নয়। করোনাভাইরাসের এই সময়ে দল বেঁধে এভাবে যাতায়াতটা তাই ভয়ংকর ব্যাপারই।

ফেইসবুকে রুবেল হোসেন সেটিই বলতে চেয়েছেন। একটি ছবি পোস্ট করে এই পেসার লিখেছেন, ‘কিছু লিখব না। হে আল্লাহ আপনি ছাড়া সত্যিই আমরা অসহায়। জানি না সামনে কি হবে মাবুদ। আপনি আমাদের মাফ করে দিন।’

প্রসঙ্গত, শনিবার দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো শ্রমিকের কর্মস্থলে ফেরার ঘটনায় ব্যাপক সমালোচনা হয়। এরপর রাতে এক বিবৃতিতে দেশের সব পোশাক কারখানা ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক।