গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামে গত শুক্রবার বিকেলে ধানের জমিতে কীটনাশক প্রয়োগ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন ওই গ্রামের বাসিন্দা মা সাধনা রানী (৫০) ও তার ছেলে উৎপল সরকার (১৯)। নড়াইলে গতকাল শনিবার বিদ্যুতের খুঁটি অপসারণকালে ভেঙে পড়ে গিয়ে তাজকিয়া নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সাদুল্লাপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে জমিতে কীটনাশক প্রয়োগ করতে যান উৎপল সরকার। এ সময় জমিতে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান উৎপল। কিন্তু সন্ধ্যা হলেও উৎপল বাড়ি না ফেরায় মা সাধনা রানী ছেলেকে খুঁজতে জমির দিকে যান। এ সময় ছেলেকে জমিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নড়াইলে বিদ্যুতের পুরনো খুঁটি অপসারণকালে ভেঙে পড়ে গিয়ে তাজকিয়া নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের জেলখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঠিকাদার ও এক কর্মচারীকে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। তাজকিয়া যশোরের বঘারপাড়া উপজেলা ভিটেবল্লা গ্রামের আজিজুর রহমানের মেয়ে। সে নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার নানাবাড়িতে তার মায়ের সঙ্গে বেড়াতে আসে।