ভারত থেকে ফিরল ৩৯ বাংলাদেশি

করোনাভাইরাস প্রতিরোধে ভারত সরকারের ঘোষিত ‘লকডাউনে’ সে দেশে আটকে থাকা আরও ৩৯ জন বাংলাদেশি পাসপোর্টধারী গতকাল শনিবার বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। সকাল থেকে দুপুর ১২টা নাগাদ ভারতের পেট্রাপোলের আনুষ্ঠানিকতা সেরে তারা এপারে আসেন। তবে এদের মধ্যে পাঁচজনের শরীরে অতিরিক্ত তাপমাত্রা থাকায় তাদের রাখা হয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। স্থানীয় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ১৪ দিন কাটাতে হবে বলে জানিয়েছেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন।

ভারতফেরত এই পাঁচ বাংলাদেশির মধ্যে তিনজন ক্যানসারের রোগী। ক্যানসারের চিকিৎসার জন্য তারা দেড় থেকে দু’মাস আগে ভারতে গিয়েছিলেন। বাকি দু’জন বেড়াতে গিয়ে ভারতে আটকা পড়েন। এদের মধ্যে দু’জন গোপালগঞ্জের বাসিন্দা। বাকিদের বাড়ি যশোর, মাগুরা ও খুলনা জেলায়।

বেনাপোলে দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, বিশেষ ব্যবস্থায় এদিন দেশে ফেরা পাসপোর্টধারীদের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে অধিক কড়াকড়ি ও সতর্কতা অবলম্বন করা হয়। এদের মধ্যে পাঁচজনের দেহে অতিরিক্ত তাপমাত্রা থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে কর্তৃপক্ষের নির্দেশনায় তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তবে এদিন ভারত থেকে আসা ৩৯ জনের মধ্যে বাকিদের দেহে উচ্চতাপমাত্রা বা করোনাভাইরাসের অন্য কোনো লক্ষণ না পাওয়া গেলেও তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। স্বাস্থ্য পরীক্ষাকালে তাদের হাতে বিশেষ চিহ্নিতকরণ লাল সিল দেওয়া হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আহসান হাবীব বলেন, ভারত থেকে আসা এসব পাসপোর্টধারীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে প্রত্যেকের পূর্ণাঙ্গ ঠিকানা ও মোবাইল ফোন নম্বর রাখা হয়েছে। স্ব স্ব জেলায় সেগুলো পাঠিয়ে দেওয়া হবে।

মোদি সরকার ভারতে ‘জনতার কারফিউ’ ডাক দিলে গত ১৩ মার্চ থেকে ভারতে প্রবেশ নিষিদ্ধ হয় বাংলাদেশিদের। এরপর ২৪ মার্চ থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে উভয় দেশ থেকে বন্ধ হয়ে যায় পাসপোর্টধারী যাত্রী পারাপার। এতে ওপারে আটকে থাকা বাংলাদেশিরা চরম দুর্ভোগে পড়েন। পরে দু’দেশের দূতাবাস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে আলাপ-আলোচনার পর তাদের ‘ঘরবন্দি’ দশা থেকে বের হয়ে বাংলাদেশে আসার অনুমতি দেয় ভারত কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে গত শুক্রবার কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আটকে থাকা ৮১ জন বাংলাদেশি পাসপোর্টধারী বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন।