করোনা মোকাবিলায় খাদ্য তহবিল করলেন ডিকাপ্রিও

চীনের পর ইতালি-স্পেন ছাড়িয়ে করোনার নতুন কেন্দ্রস্থল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। এই নিয়ে দিশেহারা দেশটির প্রশাসন। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের সাহায্যার্থে এগিয়ে এলেন হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও।

জানা গেছে, ফিলানথ্রপিস্ট লরেন পাওয়েল জোবসের সঙ্গে যৌথভাবে দরিদ্র আমেরিকানদের জন্য এই খাদ্য তহবিল গঠন করেছেন ডিকাপ্রিও। এখনও পর্যন্ত এই তহবিলের জন্য ১.২ কোটি ডলার সংগ্রহ করতে পেরেছেন তারা।

সোশ্যাল মিডিয়ায় এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, স্বল্প আয়ের পরিবার, বয়স্ক ও এই মহামারিতে যাদের চাকরি নিয়ে সমস্যা দেখা দিয়েছে তাদের সাহায্য করা হবে। এ ছাড়া যে সব বাচ্চারা খাদ্যের জন্য স্কুলের উপর নির্ভরশীল, তাদেরও সহায়তা করা হবে।

ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও ফিডিং আমেরিকা নামে দুই ত্রাণ সংস্থার সঙ্গে কাজ করছে ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-তারকার এই ফুড ফান্ড। অ্যাপল-ফোর্ড ফাউন্ডেশনও এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়েছে।

দাতব্য কাজের জন্য লিওনার্দো ডিকাপ্রিও’র খুবই সুনাম কামিয়েছেন। বিশেষ করে পরিবেশ দূষণ ও নিরাপদ পানি নিয়ে তার কাজ উল্লেখ করার মতো। সম্প্রতি এই তারকা কোয়ারেন্টাইনে ছিলেন। এরপর ঝাঁপিয়ে পড়েছেন দাতব্য কাজে।