করোনাভাইরাসের কারণে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ইউরোপীয় ফুটবল লিগের ক্লাবগুলো। ছোট ক্লাবগুলো চোখে সর্ষে ফুল দেখছে এখনই। এই যেমন বার্নলি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সভাপতি জানিয়েছেন, পরিস্থিতি এভাবে চলতে থাকলে আগস্টের দিকে সব টাকা ফুরিয়ে যাবে তাদের।
ক্লাবটির সভাপতি মাইক গারলিক জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে যদি চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ সম্পন্ন না হলে তাদের ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৫ কোটি পাউন্ড (৬ কোটি ১৩ লাখ ডলার) !
গত শুক্রবার প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানায়, অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হয়েছে লিগ। পরিস্থিতি ‘নিরাপদ ও উপযুক্ত’ হলেই কেবল খেলা শুরু হবে। কিন্তু ইংল্যান্ডে করোনাভাইরাস পরিস্থিতি যেভাবে এগুচ্ছে তাতে এবারের লিগ বাতিল হওয়ার সম্ভাবনাও জাগছে। দেশটিতে কভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ছুঁই ছুঁই; মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার ৩’শ।
অবস্থা এভাবে চলতে থাকলে আগস্টের মধ্যেই ক্লাবের কোষাগার টাকাশূন্য হয়ে পড়বে বলে স্কাই স্পোর্টসকে জানিয়েছেন বার্নলির সভাপতি গারলিক, “সত্যি বলতে, আমরা মৌসুমটা শেষ করতে পারব কি-না এটা নিশ্চিত নয়। আগামী মৌসুম শুরুরও নির্দিষ্ট কোনো দিন-তারিখ নেই। এমনটা চললে ক্লাব হিসেবে আগস্টের মধ্যে আমাদের টাকা ফুরিয়ে যাবে, এটাই সত্যি। অন্য ক্লাবগুলোর অবস্থা আমি বলতে পারব না।”
“এই কারণেই পরিস্থিতি নিরাপদ হওয়ার সাথে সাথে মৌসুম শেষ করা নিয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। মৌসুম শেষ করাটাই হবে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর জন্য একমাত্র ভালো উপায়।”
গারলিক জানিয়েছেন, মৌসুম শেষ না হলে নিজেদের মাঠের বাকি ম্যাচগুলো থেকে ৫০ লাখ পাউন্ড আয় থেকে বঞ্চিত হবে বার্নলি। আর সম্প্রচার স্বত্ব ও অন্যান্য উৎস থেকে হারাবে সাড়ে ৪ কোটি পাউন্ড।
“এটা আমাদের ও প্রিমিয়ার লিগের অন্য ক্লাবগুলো জন্য সম্পূর্ণ অনভিপ্রেত এক পরিস্থিতি। কয়েক সপ্তাহ আগেও আমরা এটা আন্দাজ করতে পারেনি।”- বলেন গারলিক।