আমেরিকা প্রবাসী স্বামীকে ভিডিওকলে রেখে স্ত্রীর ‘আত্মহত্যা’

সিলেটে এক আমেরিকা প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম লুবনা আক্তার (২২)। তিনি নগরীর জিন্দাবাজারের কাজী ইলিয়াস আবাসিক এলাকার পলাশী-৩৮/১ নম্বর বাসার তৌহিদ আহমদ নিপুর স্ত্রী। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ভিডিওকলে কথা বলার সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এসময় স্বামীকে ভিডিওকলে যুক্ত রেখেই স্ত্রী ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লেগে ‘আত্মহত্যা’ করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

সিলেট কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া জানান, তৌহিদ আহমদ নিপু একজন আমেরিকা প্রবাসী। প্রায় দুই বছর আগে লুবনার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরে স্ত্রীকে দেশে রেখে তিনি আমেরিকায় চলে যান।

পরিবারের লোকজনের বক্তব্য উদ্ধৃত করে ওসি জানান, রবিবার দুপুরে স্বামীর সঙ্গে ভিডিওকলে কথা বলার সময় লুবনার ঝগড়া হয়। এর জেরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে লুবনা আত্মহত্যা করেন। স্বামী নিপু তখন পরিবারের অন্যদের ফোন করে বিষয়টি জানালে তারা ডাকাডাকি করে লুবনার কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে কক্ষের দরজা ভেঙে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ওসি জানান, লুবনার মোবাইল ফোনসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। স্বামীর সঙ্গে কী বিষয়ে লুবনার ঝগড়া হয়েছে তা বের করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।