মোবাইল ফোনে নারীকণ্ঠে কথা বলে নিজেকে ‘সুমাইয়া আক্তার’ পরিচয় দিয়ে ইতালি প্রবাসী এক প্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে নাটোরের লালপুরে। প্রতারণার অংশ হিসেবে নিজের বাবাকে ওই প্রবাসীর ‘শ্বশুর’ বানিয়ে কথা বলানো হতো। এভাবে প্রবাসীর কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ বাবা ও ছেলেকে আটক করেছে।
আটক ব্যক্তিরা হলেন—লালপুর উপজেলার গন্ডবিল গ্রামের মো. শান্ত আলী এবং তার বাবা মো. শহিদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৭ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে লালপুর থানার এসআই (নিঃ) এ. জে. মিন্টুর নেতৃত্বে পুলিশ দল গন্ডবিল গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, শান্ত আলী নারীকণ্ঠে কথা বলে ‘সুমাইয়া’ পরিচয়ে প্রবাসীর সঙ্গে বিয়ের সম্পর্ক গড়ে তোলেন। এরপর শান্তর বাবা শহিদুল ইসলাম প্রবাসীর ‘শ্বশুর’ সেজে কথা বলে বিভিন্ন সময়ে অর্থ হাতিয়ে নেন। এছাড়া আসামিরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা করে আসছিলেন।
এ ঘটনায় সাইবার আইনে মামলা করা হয়েছে। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, আটক দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং বিষয়টির তদন্ত চলছে।