আড্ডা, ঘোরাঘুরিসহ আদেশ না মানায় ৩ লাখ ১৪ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীতে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশ না মেনে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে ব্যবসায় পরিচালনা, অলিগলিতে জটলা ও মোটরবাইকে ঘোরাঘুরি, চায়ের টং দোকানে আড্ডাবাজির অভিযোগে ৬৩ টি মামলা ও ৩ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১০টি টিম সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় দুই শিফটে এসব অভিযান চালিয়ে এ সাজা দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার জানান, নগরীর বিভিন্ন স্থানে সন্ধ্যার পরও সুপার শপ, রেস্টুরেন্ট এবং বিভিন্ন দোকান খোলা রাখছে। বিকেলের দ্বিতীয় শিফটে যৌথ অভিযান শুরু হওয়ার পর আমরা হালিশহর এলাকায় গিয়ে রাত সাড়ে আটটায় স্বপ্ন সুপার শপ খোলা পাই। এ জন্য তাদের ২ লাখ টাকা জরিমানা করা হয়। হালিশহর এলাকায় বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানকে সন্ধ্যার পর দোকান খোলা রাখতে নিষেধ করেছিলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম জানিয়েছেন, সরকারি আদেশ অমান্য করে বিনা কারণে অযথা ঘরের বাইরে ঘোরাঘুরি, অলিগলিতে বিভিন্ন স্থানে জটলা করে আড্ডা মারা, বিনা প্রয়োজনে গাড়ি-মোটরবাইকে যাতায়াত এবং টং দোকানে আড্ডা বসানোর দায়ে ৬২টি মামলায় ১ লাখ চৌদ্দ হাজার আটশো টাকা জরিমানা করা হয়েছে।

নগরীতে দুই শিফটে জেলা প্রশাসন ও যৌথ বাহিনীর অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে রবিবার মোট ৬৩ টি মামলায় সর্বমোট ৩ লাখ চৌদ্দ হাজার আটশো টাকা জরিমানা করা হয়েছে জানান তিনি।