চিত্রনায়িকা ইয়ামিন হক ববি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত। দেশের মানুষকে করোনার ভয়াবহতা থেকে রক্ষায় সামাজিক যোগাযোগের মাধ্যমে বার্তাও দিয়েছেন। গেল কয়েক দিন ধরেই এই নায়িকা দুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। প্রতি রাতে ছুটছেন সহায়-সম্বলহীন মানুষের সহযোগিতায়।
ববি বলেন, ‘সংবাদমাধ্যমে মানুষের অসহায়ত্ব দেখার পর নিজেকে সামলে রাখতে পারিনি। তাই নিজের ত্রাণ নিয়ে এগিয়ে এসেছি। তাদের কষ্ট দেখে মৃত্যুভয় কাজ করছে না। শুধু একটা কথাই বারবার মনে হয়েছে তাদের মুখে হাসি ফোটাতেই হবে। খাবারের অভাবে যেন একটি প্রাণও অকালে হারিয়ে না যায় সেটিই ভেবেছি। আমরা নিজেরাই কেবল নিজেদের এই বিপদ থেকে রক্ষা করতে পারি। কয়েকটা দিনের ব্যাপার মাত্র। সবাই একটুখানি সতর্ক হলে বেঁচে যাবে হাজারো প্রাণ। আমাদের বিশ্বের অন্য দেশের কাছে থেকে শিক্ষা নেওয়া উচিত। উন্নত দেশগুলো করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে। আমাদের এখন আল্লাহ কাছে দোয়া চাওয়া আর ঘরে থাকার কোনো বিকল্প নেই।’
এরই মধ্যে রাজধানীর কারওয়ান বাজার, মিরপুরের বেশ কিছু এলাকা, কমলাপুর, মগবাজারে নিজ হাতে ত্রাণ সামগ্রী অসহায়দের মাঝে পৌঁছে দিয়েছেন ববি। এ ছাড়া নিজের জন্মস্থান জামালপুরের মানুষদেরও এই ত্রাণ পৌঁছে দিয়েছেন।