ময়মনসিংহ মেডিকেলে ৩ জনের করোনা শনাক্ত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। গতকাল রবিবার রাতে কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত পাঁচ দিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে চার দিনে ৮০ জনের নমুনার পরীক্ষা সম্পন্ন হয়েছে; যেখানে ৩ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।’

চিত্তরঞ্জন দেবনাথ বলেন, করোনাভাইরাস আক্রান্ত তিনজনের মধ্যে দুই নারী শেরপুর জেলার বাসিন্দা। আরেকজন পুরুষ জামালপুরের বাসিন্দা। তাদের বয়স ৩০ থেকে ৬০ বছরের মধ্যে। আজ সোমবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবে বলে জানান তিনি।