নীলফামারীর ডোমার বাস টার্মিনালে ৩টি যাত্রীবাহী বাস আগুনে পুড়ে গেছে। সোমবার ভোরে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে একটি বাস সম্পূর্ণ এবং দুটি বাসা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
করোনাভাইরাস মোকাবিলায় গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণার পর থেকেই ওই বাসগুলো ডোমার বাস টার্মিনালে সারিবদ্ধভাবে রাখা ছিল।
এলাকাবাসী জানায়, কয়েকজন মুসল্লি ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে ডোমার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও উৎসব-হাচান এন্টারপ্রাইজের একটি বাস সম্পূর্ণ এবং ডোমার ট্রাভেলস ও ডোমার শাপলা সমবায় সমিতি-১ নামের বাস দুটি আংশিক পড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, বাস টার্মিনালে শ্রমিকদের সঙ্গে কথা বলে বাসের ভেতরে শ্রমিকরা কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে ছিলেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই কয়েলের আগুন থেকেই আগুনের সূত্রপাত হয়ে বাস তিনটি পুড়ে গেছে। এরপরেও বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।