মদ খেয়ে ৪ জনের মৃত্যু

রংপুর জেলার সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু হয়েছে। রোববার রাতে একজন ও সোমবার সকালে বাকি তিনজনের মৃত্যু হয়।   

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়্যারম্যান মাসুদার রহমান মিলন জানান, ছয় ব্যক্তি রোববার রাতে চোলাই মদ পান করেন। এর মধ্যে চারজনের মৃত্যু হয় আর বাকি দুজন অসুস্থ হয়ে পলাতক রয়েছেন।

তাদের অবস্থা আশাঙ্কাজনক বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।       

পুলিশ জানায়, মৃত ব্যক্তিরা হলেন পালিচড়া হাট নৈশপ্রহরী বানিয়া পাড়ার আফসার আলী (৬০), ওই ইউনিয়নের পশ্চিম কেশবপুর গ্রামের মাংস ব্যবসায়ী সাহিদার রহমান (৪৮), বানিয়াপাডা এলাকার চা দোকানি আবু রায়হান (৪৫) ও রংপুর নগরীর দর্শনা সূত্রাপুর এলাকার কাঁচামাল ব্যবসায়ী মমদেল হোসেন। সোমবার সকালে গুরুতর অসুস্থ আবু রায়হানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কোতয়ালী থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, কী কারণে তারা মারা গেছেন তা সঠিকভাবে এখনো চিহ্নিত হয়নি। ময়নাতদন্তে জন্য লাশ রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তখন মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।