প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজকে স্বাগত জানাল পোল্ট্রি শিল্প

করোনার প্রভাবে পোল্ট্রি, মৎস্য ও ডেইরি খাতের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজকে স্বাগত জানিয়েছে পোল্ট্রি শিল্পের কেন্দ্রিয় সংগঠন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)। 

বিপিআইসিসি’র সদস্যভুক্ত সংগঠন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি) সভাপতি রকিবুর রহমান টুটুল, ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ফিআব) সভাপতি এহতেশাম বি. শাহজাহান, ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার (ওয়াপসা-বিবি) সভাপতি আবু লুৎফে ফজলে রহিম খান, এগ প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিএবি) সভাপতি তাহের আহমেদ সিদ্দিকী, এনিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) সভাপতি ডা. নজরুল ইসলাম এবং বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন (বাফিটা) সভাপতি সুধীর চৌধুরি সোমবার এক যৌথ বিবৃতিতে বলেন- মাননীয় প্রধানমন্ত্রীর এ ঘোষণা অত্যন্ত সময়োচিত এবং সুচিন্তিত। এ প্রণোদনা প্যাকেজে পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খাতের জন্য ৪ শতাংশ সুদে যে ঋণ সুবিধা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে তা সারাদেশের পোল্ট্রি খামারি ও উদ্যোক্তাদের ওয়ার্কিং ক্যাপিটালের চাহিদা পূরণ করবে এবং করোনা পরবর্তী সময়ে নতুন উদ্যমে পুনরায় খামার শুরু করতে উৎসাহ যোগাবে। 

সরকারের এ সিদ্ধান্তকে ‘পোল্ট্রি বান্ধব’ হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।