কুমিল্লায় কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৫২২পিস ইয়াবাসহ কারাগারের সহকারী প্রধান কারারক্ষী তরিকুল ইসলাম শাহীনকে আটক করা হয়েছে।
সোমবার বিকেলে কারারক্ষী শাহিনের দেহ এবং কক্ষে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত তরিকুল ইসলাম শাহিন চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ইয়াকুব নগর এলাকার ফুল মিয়ার ছেলে। সে ১৯৯৬ সালের ১৫ জুন চাকরিতে যোগদান করে।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার আসাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পকেটে পাওয়া ১০৪ পিস ইয়াবাসহ তাকে জেল সুপারের সামনে উপস্থিত করা হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কারাগারের অভ্যন্তরে তার নিজ কক্ষে তল্লাশিতল্লাশি করা হয়। সেখানে তার বিছানার নিচ থেকে আরও ৪১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহজাহান আহমেদ জানান, কুমিল্লা কারাগারে যোগ দেওয়ার পরেই বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি সহকারী প্রধান কারারক্ষী মো. তরিকুল ইসলাম শাহিন কারাগারের অভ্যন্তরে বন্দীদের কাছে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তাকে হাতে নাতে ধরার জন্য আমরা গোয়েন্দা তৎপরতা চালাই। সোমবার তার দেহ এবং কক্ষে তল্লাশি করে ৫২২ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে কারাগারের ভেতরে বন্দীদের কাছে মাদক কেনা বেচা করে আসছে বলে স্বীকার করে। এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।