ট্রেনে করোনা হাসপাতাল

করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। আশঙ্কা করা হচ্ছে এর মেয়াদ বাড়তে পারে আরও। এদিকে লকডাউনের মধ্যেই করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯-এ আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা বাড়ছে। বাড়ছে শঙ্কাও।

এ অবস্থায় নজিরবিহীন এক উদ্যোগ নিয়েছে ভারতের রেলওয়ে কর্র্তৃপক্ষ। ১৬৭ বছরের ইতিহাসে যখন প্রথমবারের মতো রেল বন্ধ হওয়ায় ট্রেনগুলোকে এখন হাসপাতালে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল সোমবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে করোনার প্রাদুর্ভাব শুরু হতেই ট্রেনের ২০ হাজার পুরনো বগিকে আইসোলেশন ওয়ার্ডে রূপান্তরের সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্র্তৃপক্ষ। ইতিমধ্যেই তারা দেশজুড়ে ১২৫টি হাসপাতাল পরিচালনা করছে। ফলে মোবাইল বেড বাড়ানোর দক্ষতা তাদের রয়েছে।

দেশটির রেলমন্ত্রী পিযুষ গয়াল বলেন, মানুষ যেন স্বাচ্ছন্দ্যের সঙ্গে চিকিৎসা নিতে পারে সেই ব্যবস্থা করবে রেল কর্র্তৃপক্ষ। রোগীরা সেখানে পরিষ্কার ও স্বাস্থ্যকর পরিবেশ পাবে। ভারতে সাধারণত দৈনিক ২০ হাজারের বেশি ট্রেন চলাচল করে। এসব ট্রেন দেশজুড়ে ৭ হাজার ৩৪৯টি স্টেশন প্রদক্ষিণ করে। তবে বিদ্যমান লকডাউনের ফলে প্রায় ৬৭ হাজার ৩৬৮ কিলোমিটার এলাকায় আর ট্রেন চলাচলের সুযোগ থাকছে না। ফলে কয়েক হাজার যাত্রীবাহী ট্রেন এমনিতেই অলস পড়ে আছে।

এখন ব্যবহৃত হচ্ছে না এমন নন-এসি বগিগুলো শনাক্ত করতে রেলওয়ের ১৬টি জোনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে কর্র্তৃপক্ষ। মূলত এ বগিগুলোকেই হাসপাতাল বা আইসোলেশন ওয়ার্ডে পরিণত করা হচ্ছে। জরুরি প্রয়োজনে এসব হাসপাতাল বা ওয়ার্ড ব্যবহার করতে পারবে রোগীরা।