করোনাভাইরাস

ফের চিকিৎসা পেশায় আইরিশ প্রধানমন্ত্রী

লিও ভারাদকার, আয়ারল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী। পুরোদস্তুর রাজনীতিবিদ হিসেবেই বিশে^ পরিচয় তার। কিন্তু মহামারী করোনা তার মহানুভবতা আর দায়িত্বশীলতার পরিচয়ও নিয়ে এলো সবার সামনে। করোনায় বিপর্যস্ত আয়ারল্যান্ডের মানুষের পাশে দাঁড়াতে ফিরে গেলেন রাজনীতিতে প্রবেশের আগের পরিচয়ে। প্রতি সপ্তাহে এক শিফটে মানুষকে চিকিৎসাসেবা দিতে ফের নিবন্ধন করেছেন তিনি।

স্কাই নিউজের খবরে বলা হয়েছে, ডাক্তার বা ও নার্স মায়ের ছেলে ভারাদকারের আছে সাত বছরের ডাক্তারি করার অভিজ্ঞতা। রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি সেন্ট জেমস হাসপাতালের একজন জুনিয়র ডাক্তার হিসেবে এবং ডাবলিনের কোনোলি হাসপাতালে কাজ করেছেন।

ভারাদকারের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তার পরিবার ও বন্ধুদের মধ্যে অনেকেই হেলথ সার্ভিসে কাজ করছেন। ছোট পরিসরে হলেও তিনি তাদের মতো মানুষের পাশে দাঁড়াতে চাইছেন। সপ্তাহে এক সেশন চিকিৎসাসেবা দেওয়ার ব্যাপারে আয়ারল্যান্ডের হেলথ সার্ভিস এক্সিকিউটিভকে প্রস্তাবও দিয়েছেন তিনি।

সম্প্রতি দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাইমন হ্যারিস হেলথ সার্ভিসে লোক নিয়োগ দেওয়া শুরু করেন। এরপরই পুনরায় নিবন্ধন করেন ভারাদকার।

ইউরোপের অন্যান্য দেশের মতো আয়ারল্যাান্ডও করোনা মহামারী মোকাবিলায় হিমশিম খাচ্ছে। দেশটিতে আয়ারল্যান্ডে পাঁচ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আর মৃত্যু হয়েছে ১৭৪ জনের।