বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জাফরুল হাসান মারা গেছেন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য জাফরুল হাসান ইন্তেকাল (ইন্না...রাজিউন) করেছেন। গতকাল সোমবার দুপুর ১২টা ১০ মিনিটে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু শ্রমিক নেতা জাফরুলের মৃত্যুর খবরটি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।

জাফরুল হাসান দীর্ঘদিন ধরে কিডনি ইনফেকশনসহ নানা জটিল রোগে ভুগছিলেন। গত ১৩ মার্চ তাকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

মরহুমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

রাজধানীর শ্যামলীর বাসায় নেওয়ার পর বাদ আসর নামাজে জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ জেলা ফরিদপুরে। সেখানে জানাজা শেষে আলিপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।