করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কর্মরত সাংবাদিকদের সুরক্ষাসহ প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও মালিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। গতকাল সোমবার এক বিবৃতিতে ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী এই আহ্বান জানান।
বিবৃতিতে নেতারা বলেন, করোনাভাইরাসের প্রভাবে এক নজিরবিহীন সংকটের মুখোমুখি বাংলাদেশের গণমাধ্যম। ইতিমধ্যে একজন গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তারপরও সংকটময় এ পরিস্থিতিতে পেশাগত দায়িত্ববোধ থেকেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন ডিআরইউ সদস্যসহ গণমাধ্যমকর্মীরা। এ অবস্থায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ডিআরইউ সদস্যসহ সংবাদকর্মীদের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় নেতারা গভীর উদ্বেগ জানান।
তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন সাংবাদিকরা। এ সময় ঘরের বাইরে না গিয়েও রিপোর্টাররা বাসায় থেকে অনলাইনে নিউজ পাঠাতে পারেন। কয়েকটি গণমাধ্যম এরই মধ্যে তাদের কর্মীদের জন্য এ সুবিধা চালু করেছে, যা সত্যি প্রশংসনীয়। ঝুঁকি বিবেচনায় অন্যান্য গণমাধ্যমও তাদের কর্মীদের জন্য এ সুবিধা চালু করতে পারে।
ডিআরইউ নেতারা বলেন, আমরা মনে করি মহামারী সংকটে প্রকৃত স্বাস্থ্যসেবা যেমন জরুরি, তেমনি সত্যনিষ্ঠ তথ্যসেবাও খুবই গুরুত্বপূর্ণ। এজন্য অফিসে যাওয়া ছাড়া একান্তই বিকল্প কোনো ব্যবস্থা করা সম্ভব না হলে গণমাধ্যমে কর্মরত সবার জন্য সুরক্ষা পোশাকসহ প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।
একই সঙ্গে করোনা ঝুঁকিতে থাকা গণমাধ্যমকর্মীদের সুচিকিৎসার ব্যবস্থা করা, প্রতিষ্ঠানের কাছে পাওনা বকেয়া বেতনাদি পরিশোধসহ আর্থিক সচ্ছলতার বিষয়টিও গুরুত্ব সহকারে দেখার জন্য আহ্বান জানান তারা।
ডিআরইউর সদস্যসহ গণমাধ্যম কর্মীদের নিজের, পরিবারের ও দেশের সুরক্ষা অক্ষুণ্ণ রেখে পেশাগত দায়িত্ব পালনের জন্য নেতারা আহ্বান জানান।