করোনা পরিস্থিতিতে বিনাভাড়ায় রোগী পরিবহন

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রোগী পরিবহন সেবা দিচ্ছেন এম এ রশিদ নামের এক ব্যক্তি।

গত এক সপ্তাহ ধরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালে বিনাভাড়ায় রোগী পরিবহনের এ কার্যক্রম শুরু হয়েছে।

পরিবহন চালকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকার রোগীদের হাসপাতালে আনা-নেওয়া করছেন। আর করোনাভাইরাস বিষয়ে সচেতনতা বাড়াতে বিলি করা হচ্ছে প্রচারপত্র। এতে চালক ও উদ্যোক্তার নামসহ মোবাইল নম্বর দেওয়া হয়েছে। নম্বরগুলোতে যে কোনো সময় ফোন করে বিনাভাড়ায় পরিবহন সেবা নিতে পারছেন সেবাপ্রত্যাশীরা।

এ কার্যক্রমের উদ্যোগ নিয়েছেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সদস্য এম এ রশিদ।

তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সরকার গণপরিবহন বন্ধ করে দিয়েছে। এ অবস্থায় সাধারণ শারীরিক সমস্যা নিয়ে অনেকেই বিপদে আছেন। রোগী পরিবহনও সমস্যা দেখা দিচ্ছে। এমন মানবিক বিপর্যয়ের সময় আমি মানুষের জন্য কাজ করতে উদ্যোগী হয়েছি। আমি চাই এমন দুঃসময়ে প্রত্যেকেই যার যার জায়গায় থেকে এগিয়ে আসুক।