করোনাভাইরাসের কারণে টোকিও অলিম্পিক স্থগিত হয়ে যাওয়ায় অ্যাথলেটরা নেতিবাচক মানসিক চাপে পড়তে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন অলিম্পিক গ্রেট মাইকেল ফেলপস।
কভিড-১৯ জনিত স্বাস্থ্য ঝুঁকির কারণে বিশ্ব জুড়ে স্থগিত সব ধরনের খেলাধুলা। এর কারণে টোকিও অলিম্পিক এক বছর পিছিয়ে দেয় ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি।
বর্তমান পরিস্থিতি অ্যাথলেটদের জন্য খুবই হতাশার বলে মনে করেন সাঁতারে ২৮টি অলিম্পিক স্বর্ণ জেতা ফেলপস। এই অবস্থা অ্যাথলেটদের মধ্যে আত্মহত্যার সংখ্যা বাড়িয়ে দিতে পারে বলেও জানান যুক্তরাষ্ট্রের ‘জল মানব’।
“এই কারণে অ্যাথলেটদের মধ্যে আত্মহত্যার মাত্রা বৃদ্ধি পাওয়া দেখতে চাই না আমরা। আমি এটা দেখতে চাই না। এখানে মানসিক দৃঢ়তাই বড় বিষয়। এই স্থগিতাদেশ অদৃশ্য পানির মতো। আমরা কখনই এটা আগে দেখতে পাইনি। তবে এটাই সঠিক সিদ্ধান্ত। অ্যাথলেটদের জন্য আমার হৃদয়টা ভেঙে যাচ্ছে।”