‘আইপিএলে খেলতে কোহলিদের স্লেজিং করতে ভয় পায় অজিরা’

‘স্লেজিংয়ের জন্য অস্ট্রেলিয়া সেরা।’ কথাটা এক সময় প্রবাদের মতোই ছিল। তবে দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কের দাবি অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আগের থেকে অনেক নমনীয় হয়ে গেছে। বিশেষ করে ভারতের বিপক্ষে খেলতে নামলে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা স্লেজিং করতে ভয় পায় বলে মন্তব্য ২০১৫ বিশ্বকাপজয়ী অধিনায়কের। যার পেছনে আইপিএল বলে মনে করেন ক্লার্ক।

অতীতে ভারত-অস্ট্রেলিয়া বহু স্মরণীয় ক্রিকেট যুদ্ধের জন্ম দিয়েছে। কিন্তু ক্লার্কের চোখে এখন তাতে ভাটা পড়েছে অনেকটাই।

এক সাক্ষাৎকারে ক্লার্ক বলেন, ‘ভারতীয় ক্রিকেট যে আর্থিকভাবে দারুণ শক্তিশালী, তা সবারই জানা। আমার মনে হয়েছে, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ক্রিকেটাররা কোহালি ও তার দলের ক্রিকেটারদের স্লেজিং করতে ভয়ই পায়। কারণ এপ্রিলে তো কোহালিদের সঙ্গেই (আইপিএলে) খেলতে হবে ওদের।’ 

ক্লার্ক আরো বলেন, ‘দশ জন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের কথাই ধরুন। নিলামে এই দশ জনকেই দলে নেওয়ার জন্য ঝাঁপায় একাধিক ফ্র্যাঞ্চাইজি। সংশ্লিষ্ট ক্রিকেটাররাও মনে করে, আমি কোহালিকে স্লেজিং করব না। ব্যাঙ্গালোর (কোহলির দল) আমাকে দলে নিক। তা হলে ছ’সপ্তাহে এক মিলিয়ন ডলার রোজগার করতে পারব।’

সাবেক এই অধিনায়কের চোখে তাই অস্ট্রেলিয়া দল এখন আর আগের অস্ট্রেলিয়া নেই। অন্তত মানসিকতার দিক থেকে, ‘অল্প সময়ের জন্য হলেও অস্ট্রেলিয়া দলের মানসিকতা নরম হয়েছে বলে মনে করি। এটা সেই শক্ত মানসিকতার অস্ট্রেলিয়া নয়, যা আমরা দেখে অভ্যস্ত ছিলাম।’