চট্টগ্রামের সাতকানিয়ার এক বাসিন্দা ঢাকায় করোনা আক্রান্ত হয়েছে। তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ওই ব্যক্তির চট্টগ্রামের সাতকানিয়ার বাড়িসহ আশপাশের তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাংবাদিক সম্মেলনে চট্টগ্রামে একজন শনাক্ত হওয়ার তথ্য জানান।
করোনা শনাক্ত ওই রোগী দীর্ঘদিন যাবৎ ঢাকায় বসবাস করেন উল্লেখ করে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম জানান, কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর সোনাকানিয়া ইউনিয়নে ওই ব্যক্তির বাড়িসহ তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।
তিনি আরও বলেন, ওই ব্যবসায়ী গত ২০ মার্চ চট্টগ্রামের বাড়িতে এসেছিলেন। তাই তার বাড়িসহ অন্য দুটি বাড়িও লকডাউন করা হয়েছে। ওই বাড়ি দুটি হলো আক্রান্ত ব্যক্তির প্রতিষ্ঠানের কর্মচারীর। তাদের বিষয়েও আমরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানিয়েছি। যদি প্রয়োজন হয় তাদের নমুনাও সংগ্রহ করা হবে।
এদিকে, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সাতকানিয়ার বাসিন্দা ওই ব্যক্তি নারায়ণগঞ্জে ব্যবসা করেন। সেখানে তিনি আক্রান্ত হয়ে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঢাকাতেই তার নমুনা পরীক্ষা করা হয়েছিল।