পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র

দেশের শ্রমিকদের ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা

করোনা সংক্রমণ প্রতিরোধে আজ বুধবার থেকে ১৪ এপ্রিল পর্যন্ত পটুয়াখালী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশি শ্রমিক ভেতরে প্রবেশ বন্ধ ঘোষণা করেছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের পর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে জরুরি প্রয়োজন ছাড়া ঢোকা-বাহির হওয়া বন্ধে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান জানান, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রর ভেতরে প্রতিদিন ১৭০০ বাঙালি শ্রমিক কাজের জন্য প্রবেশ করে। তাদের পুরোপুরি স্বাস্থ্য পরীক্ষাসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে ভেতরে প্রবেশ করানো হয়। এছাড়াও ভেতরে বর্তমানে ১৩শ  চাইনিজ নাগরিক কর্মরত রয়েছে। তারা সবাই সুস্থ রয়েছেন। তারা ভেতরকার মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন। করোনা সংক্রমণ পরবর্তী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত বেশকিছু চাইনিজ নাগরিক চায়না থেকে কেন্দ্রে কাজে যোগদানের জন্য বাংলাদেশে এলেও তাদের ঢাকায় প্রাথমিক স্বাস্থ্যগত পরীক্ষা শেষে এই কেন্দ্রে প্রবেশের পর পুরোপুরি কোয়ারেন্টাইন শেষে কাজে যোগদান করতে দেওয়া হয় এবং এ ব্যবস্থাটি পুরো পর্যবেক্ষণ করেন পটুয়াখালীর সিভিল সার্জন।

রেজওয়ান ইকবাল খান আরও জানান, বাংলাদেশি শ্রমিকদের ভেতরে কাজের জন্য প্রবেশাধিকার বন্ধ থাকলেও কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাসহ অভ্যন্তরীণ অপারেশনাল কার্যক্রম চলবে। প্রতিদিন এ কেন্দ্র থেকে ৪৫০-৫০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়ে থাকে।