অহেতুক ঘোরাফেরায় ৪০ মোটরসাইকেল আটক

কুড়িগ্রামে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ঘরে থাকার সরকারি নির্দেশনা না মেনে শহরে অহেতুকভাবে ঘোরাফেরা করার অভিযোগে ৪০টি মোটরসাইকেল আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ সুপারের নির্দেশে শহরের ঘোষপাড়াস্থ জিরো পয়েন্টে এসব মোটরসাইকেল আটক করা হয়।

ট্রাফিক ইন্সপেক্টর জাহিদ সরওয়ার জানান, শহরের প্রবেশমুখ ত্রিমোহনী, কেতারমোড় ও ধরলাব্রিজে চেকপোস্ট বসানো হয়েছে। এ ছাড়াও শহরের ভেতরে যারা অহেতুক ঘোরাফেরা করছে তাদের মোটরসাইকেলগুলো আটক করা হচ্ছে। যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হয়েছে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। অপরদিকে যৌক্তিক কোনো কারণ দেখাতে না পারায় ৪০টি মোটরসাইকেল কুড়িগ্রাম সদর থানায় জমা দেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতির উন্নতি হলে সেগুলো প্রকৃত মালিককে ফেরত দেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।