মহামারী করোনার বিরুদ্ধে লড়াইয়ে কিছুদিন আগে স্পেনে ১০ লাখ ইউরো দিয়েছিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। মানুষকে ঘরে থাকার সতর্কবার্তাও দেন। কিন্তু করোনার কাছে হার মানতে হলো গার্দিওলার মা দোলোরস সালা কারিকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। ম্যানসিটি কোচের মায়ের মৃত্যুর খবর নিশ্চিতের খবর জানিয়েছে তাদের অফিশিয়াল টুইটারে হ্যান্ডেলে, ‘খুব দুঃখের সঙ্গে ম্যানচেস্টার সিটি পরিবার জানাচ্ছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ পেপের (গার্দিওলা) মা দোলোরস সালা কারি বার্সেলোনার মানরেসায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। পেপ, তার পরিবার ও বন্ধুদের জন্য সবচেয়ে কঠিন এই সময়ে ক্লাবের সঙ্গে জড়িত সবাই হৃদয়ের অন্তস্তল থেকে সমবেদনা জানাচ্ছে।’ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ছুঁই ছুঁই। বাদ যায়নি দেশটির ক্রীড়াঙ্গনে মৃত্যুও। গত মাসে ২১ বছর বয়সী এক কোচ মারা যান। মৃত্যুবরণ করেন রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জো সান্জও। ইন্টারনেট।