সংবাদমাধ্যমে খবর বার্সেলোনা তারকা লিওনেল মেসিকে চুক্তিবদ্ধ করতে আগ্রহী সেরি আর ক্লাব ইন্টার মিলান। এমন গুঞ্জনে ইতালি ফুটবলের শীর্ষ লিগের কঠোর সমালোচনা করলেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। তার মতে, মেসিকে নিলেও অর্থ মন্দা কাটাতে পারবে না সেরি আ।
সম্প্রতি ইতালির এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইন্টার মিলানের সাবেক সভাপতি মাস্সেও মোরাত্তি জানান, ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে দলে ভেড়ানো ইন্টারের জন্য এখন আর ‘অলীক স্বপ্ন’ না।
এমন বক্তব্য শুনে চটেছেন তেবাস। লা লিগা সভাপতি প্রশ্ন তুলেছেন ইতালিয়ান সেরি আ’র আর্থিক সামর্থ্য নিয়ে। মেসিকে পেলেও এই লিগ আর্থিক মন্দাভাব কাটাতে পারবে না বলে মনে করেন তিনি।
“মেসিকে পেলেও সেরি আ’র আর্থিক সমস্যা ঘুচবে বলে আমি মনে করি না। তারা বড় বড় ঋণে জর্জরিত এবং আয় অপর্যাপ্ত।”
মেসি লা লিগাতেই থাকবেন বলে বিশ্বাস তেবাসের, “আমি চাইব, মেসি এখানেই (লা লিগাতেই) থাকুক। তবে সে যেতে চাইলে এখানে বিশ্ব থেমে যাবে না। বলা হচ্ছিল, ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া লা লিগা অর্থ হারাব। বাস্তবে আমরা অর্থ আয় করেছি।”
“বড় বড় খেরোয়াড়রা অর্থ আয়ে সহায়তা করে। তবে তারা একটা লিগের জন্য অত্যাবশ্যকীয় না।”
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে স্থগিত বিশ্বের প্রায় সব খেলাধুলা। স্থগিত লা লিগাসহ ইউরোপের শীর্ষ পাঁচ লিগ।