ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকায় ট্রাকের ধাক্কায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।
বুধবার সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার রতনহাট গ্রামের গ্রামীন ব্যাংক কর্মকর্তা সেলিম রেজা (৩৫) ও তার মেয়ে সুমাইয়া আক্তার (১১)।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সেলিম রেজা সকালে মোটরসাইকেলযোগে স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে মাগুরা থেকে ঝিনাইদহ শহরের দিকে ফিরছিলেন।
পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে ৪ জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা সেখান থেকে তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মেয়ে সুমাইয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।
আহত সেলিম রেজার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে।
নিহত সুমাইয়া আক্তার হরিণাকুন্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।