পল ওয়াকারের অপ্রকাশিত ভিডিও শেয়ার করলেন মেয়ে

প্রয়াত হলিউড অভিনেতা পল ওয়াকারের একটি ভিডিও অনলাইনে শেয়ার করলেন মেয়ে মিয়াডো ওয়াকার।

আগে কখনো প্রকাশ্যে না আসা ফুটেজটি ইনস্টাগ্রামে আপ করা হয়েছে মঙ্গলবার। ২১ বছরের মিয়াডো জানান, কখনো ভাবেননি ভিডিওটি প্রকাশ করবেন। কিন্তু এখন মনে হচ্ছে সবার সঙ্গে ভাগাভাগি ঠিক আছে।

মূলত পলের কোনো এক জন্মদিনে চমকে দেন মিয়াডো। সেই ঘটনায় উঠে এসেছে ভিডিওতে। সেখানে দেখা যায়, ‘হাই’ বলে একটা দরজা খুলে বাবার বুকের ওপর ঝাঁপিয়ে পড়েন মিয়াডো। মেয়েকে জড়িয়ে ধরার আগে ‘দ্য ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকা জানান, ভয় পেয়ে গিয়েছিলেন।

২০১৩ সালের নভেম্বরে মিয়াডোর ১৫তম জন্মদিনের এক সপ্তাহ আগে কার দুর্ঘটনায় মারা যান ৪০ বছরের পল।

বাবার স্মৃতি তাজা রাখতে পল ওয়াকার ফাউন্ডেশন গঠন করেছেন মিয়াডো। সম্প্রতি লস অ্যাঞ্জলসের একটি ফুড ব্যাংকের সঙ্গে যৌথভাবে কাজের খবর জানিয়েছেন তিনি। এর আওতায় করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি এক বার্তায় সবাইকে বাড়ি থাকতে বলেন মিয়াডো।

এ দিকে নভেল করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মঙ্গলবার একদিনে সর্বোচ্চ ১ হাজার ৮৫৮ জন মারা গেছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কেই শুধু প্রাণ হারিয়েছেন ৮০০’র বেশি মানুষ।

সব মিলিয়ে কভিড-১৯ রোগে আমেরিকায় এখন পর্যন্ত ১২ হাজার ৮৯৩ জনের মৃত্যু হলো। আক্রান্ত প্রায় চার লাখ! সুস্থ হয়েছেন ২২ হাজার।