শরীয়তপুরে আইসোলেশনে থাকা যুবকের মৃত্যু

শরীয়তপুর সদর হাসপাত‌লে আইসোলেশনে থাকা ৩৪ বছরের এক যুবকের মৃত্যু হ‌য়ে‌ছে। বুধবার বি‌কেল ৩টার দি‌কে তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার দুপুর সা‌ড়ে ১২টায় সর্দি, জ্বর, শ্বাসকষ্ট ও কাশি নিয়ে ওই যুবক সদর হাসপাতা‌লে এলে কর্তৃপক্ষের পরামর্শে তাকে আইসোলেশনে রাখা হয়। ন‌ড়িয়া উপ‌জেলার ডিঙ্গামা‌নিক ইউনিয়‌নের কলারগাঁও এলাকার বা‌সিন্দা ওই যুবক।

শরীয়তপুর সি‌ভিল সার্জন ডা. এস.এম আব্দুল্লাহ আল মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

‌সি‌ভিল সার্জন ব‌লেন, মঙ্গলবার দুপু‌রেই আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করে ওই যুব‌কের নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার সকা‌লে পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়। বৃহস্প‌তিবার ফলাফল পাওয়ার পর নিশ্চিত হতে পারব ওই যুবক করোনায় আক্রান্ত কি না? 

এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দি‌কে ওই যুবক‌ ন‌ড়িয়া উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের আউটডোরে সর্দি, জ্বর, শ্বাসকষ্ট ও কাশি নিয়ে চিকিৎসা নিতে এলে সন্দেহজনক হওয়ায় তা‌কে শরীয়তপুর সদর হাপাতা‌লে প্রেরণ ক‌রে নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সফিকুল ইসলাম।

৪ এপ্রিল সকাল ১০টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ৯০ বছরের এক বৃদ্ধ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নড়িয়া উপজেলার ৩৪ পরিবারের ১৮৯ জনকে লকডাউন করে স্থানীয় প্রশাসন। পাশাপাশি উপজেলার হাটবাজার লকডাউন করা হয়।