পেছাল বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপও

করোনাভাইরাসের কারণে টোকিও অলিম্পিক, ইউরো ফুটবল, কোপা আমেরিকাসহ বেশ কটি বড় ক্রীড়া আসর এক বছরের জন্য পিছিয়ে গেছে। এবার এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হলো বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপও।

অবশ্য অ্যাথলেটিকসের এই আসর এ বছর হওয়ার কথা ছিল না। যুক্তরাষ্ট্রের অরেগনে ২০২১ সালের ৬-২১ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই আসর।

কিন্তু টোকিও অলিম্পিক ও প্যারা অলিম্পিকের সূচির সঙ্গে সেটি সাংঘর্ষিক হওয়ায় বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপও পিছিয়ে দেওয়া হলো। ১১ মাস পিছিয়ে এই আসর অনুষ্ঠিত হবে ২০২২ সালের ১৫ থেকে ২৪ জুলাই।

এদিকে ২০২২ সালে রয়েছে কমনওয়েলথ গেমস। ইংল্যান্ডের বার্মিংহামে যে আসর অনুষ্ঠিত হবে ২৭ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত। জার্মানির মিউনিখে রয়েছে ইউরোপিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ।

এই দুই আসরের সূচির সঙ্গেও যাতে সাংঘর্ষিক না হয়, সেটি মাথায় রেখে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সূচি করা হয়েছে।