করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে পবিত্র শবে বরাতের রাতে নিজ নিজ ঘরে একাকী ইবাদত করার আহ্বান জানিয়েছেন ইসলামি ব্যক্তিত্ব, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও আমীর শাহ আহমদ শফী।
বুধবার সন্ধ্যা ৭টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। করোনা পরিস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনও পবিত্র শবে বরাতের রাতে মুসল্লিদের মাজার ও কবরস্থানে না যেতে অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বৃহস্পতিবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত উদ্যাপিত হবে।
শাবান মাসের ১৪ তারিখে দিবাগত রাতটিকে মুসলমানরা সৌভাগ্যের রাত হিসেবে পালন করেন। অনেকের মতে, মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। মুসলমানরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদত বন্দেগির মাধ্যমে অতিবাহিত করেন।
বিবৃতিতে আহমদ শফী বলেন, করোনাভাইরাসের ক্ষতি থেকে বাঁচতে বর্তমানে অনেক জেলা-উপজেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। এমনকি মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের জামাতে সীমিত উপস্থিতির পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষ আলেম সমাজ। তাই এহেন পরিস্থিতিতে একাকীভাবে শবে বরাতের যাবতীয় আমল ঘরে করা উচিত।