বরিস জনসনের অবস্থা স্থিতিশীল

হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউতে) দ্বিতীয় রাত কাটল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের। প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ এই প্রধানমন্ত্রীর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট।

বরিস লন্ডনের সেইন্ট টমাস হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। এবং তার ভালো চিকিৎসা হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এডওয়ার্ড আর্গারের বরাতে বিবিসি বলছে, আইসিউতে থাকা জনসনের মনোবল চাঙ্গা আছে। অন্যদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব জনসনকে ‘যোদ্ধা’ অ্যাখ্যা দিয়ে তার দ্রুত সুস্থতার ব্যাপারে আশাবাদ জানিয়েছিলেন। জনসনের অনুপস্থিতিতে রাবই এখন সরকারের জরুরি কাজগুলো চালিয়ে নিচ্ছেন।

ডাউনিং স্ট্রিটে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে দেওয়া ব্রিফিংয়ে ব্রিটিশ এ পররাষ্ট্রমন্ত্রী জানান, হাসপাতালে থাকা জনসনকে প্রয়োজনমতো অক্সিজেন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এখন ভেন্টিলেটর কিংবা যেকোনো ধরনের যন্ত্রের সাহায্য ছাড়াই নির্বিঘেড়ব শ্বাস নিতে পারছেন।

মার্চের শেষদিকে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ডাউনিং স্ট্রিটেই আইসোলেশনে ছিলেন প্রধানমন্ত্রী জনসন। ১০ দিন পরও জ্বর, কাশিসহ উপসর্গগুলো না কমায় চিকিৎসকদের পরামর্শে রবিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরের ২৪ ঘণ্টায় অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে।

ডোমিনিক রাব বলেন, তিনি (জনসন) কেবল আমাদের প্রধানমন্ত্রী বা বস নন, তিনি আমাদের সহকর্মী ও বন্ধু। প্রধানমন্ত্রী ও তার পরিবারের জন্য আমরা সবাই প্রার্থনা করছি। আমার বিশ্বাস, তিনি তাড়াতাড়ি সেরে উঠবেন। আমি জানি, তিনি একজন যোদ্ধা।

রানী এলিজাবেথ ও রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যরাও জনসনের পরিবারের সদস্য এবং তার বাগদত্তা ক্যারি সাইমন্ডসকে দেওয়া বার্তায় প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন বলে ডাউনিং স্ট্রিট জানিয়েছে।