শিশুদের ক্রিকেট খেলার দ্বন্দ্বের জেরে হামলায় অভিভাবক নিহত

বাগেরহাটের চিতলমারীতে শিশুদের ক্রিকেট খেলার দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় বিপুল শেখ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার রাত ৮টার দিকে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাণপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে নিহতের ময়নাতদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। তবে পুলিশ এই ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।

নিহত বিপুল শেখ চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাণপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরীফুল হক বলেন, বুধবার সকালে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাণপুর গ্রামের মাঠে স্থানীয় কয়েকজন শিশুর ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব হয়। পরে শিশুদের অভিভাবকদের হস্তক্ষেপে শিশুদের ওই দ্বন্দ্বের মীমাংসা হয়। ওই দ্বন্দ্বের জেরে রাত ৮টার দিকে এক অভিভাবকের বাবা বিপুল শেখের সঙ্গে অন্য অভিভাবকদের পুনরায় বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে ওই অভিভাবকদের মধ্যে কারও হাতে থাকা ধারালো অস্ত্র বা লোহার রড দিয়ে বিপুল শেখের মাথায় আঘাত করেন। এতে তিনি জখম হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। হামলার ঘটনায় জড়িতদের ধরার চেষ্টা চলছে বলে ওসি জানান।