টাকা ছাপিয়ে দরিদ্রদের দেয়া হোক: অভিজিৎ

করোনাভাইরাস মোকাবিলায় ঘোষিত লকডাউনে স্থবির হয়ে পড়েছে ভারতের অর্থনীতি। এতে সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে পড়েছে নিম্নআয়ের মানুষ ও দরিদ্ররা।

সংকট নিরসনে টাকা ছাপিয়ে অসচ্ছল মানুষদের দান করতে বললেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) এবং ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) এর যৌথ আয়োজিত একটি ভিডিও বৈঠকে এমনটা বলেন  অভিজিৎ।

লকডাউনের জেরে এখন অধিকাংশ কল-কারখানা, এমনকি বন্ধ কৃষিকাজও। আবার কাজ না-থাকায় টান পড়েছে বহু মানুষের আয়ে। ফলে খাদ্য সংকটে পড়েছে কোটি কোটি মানুষ। 

এমন পরিস্থিতি নিয়ে অভিজিৎ বলেন, ‘প্রথাগত, সাবধানি পথে হেঁটে এই পাহাড়প্রমাণ সমস্যার মোকাবিলা করা শক্ত। চাহিদার চাকা সচল রাখতে প্রয়োজনে টাকা ছাপিয়েও আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের অ্যাকাউন্টে সরাসরি পাঠানো জরুরি। তাতে মূল্যবৃদ্ধির হার মাথাচাড়া দেবে কি না, সে-সব ভাবার সময় এখন নয়। কারণ, এই অবস্থায় তা না-করলে, অর্থনীতিকে চড়া মাসুল দিতে হতে পারে বলে সম্ভাবনা থাকছে।’

তবে অর্থনীতির কঠিন সময়ে দরিদ্রদের হাতে টাকা দিতে তা ছাপার কথা উঠলে আপত্তি তোলেন অনেক অর্থনীতিবিদ এবং আইএমএফের মতো প্রতিষ্ঠান। এতে মূল্যবৃদ্ধি লাগামছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে অভিজিতের মতে, অর্থনীতিই যদি ভেঙে পড়ে, তা হলে এ নিয়ে ভেবে লাভ কী? তার কথায়, ‘আগে যে-কোনও মূল্যে অর্থনীতিকে বাঁচানো জরুরি। বাকি সব হিসাব তার পরে।’

এদিকে নভেল করোনাভাইরাসে ভারতে মৃতের সংখ্যা বেড়ে ১৪৯ জনে দাঁড়িয়েছে। বুধবার রাত পর্যন্ত একদিনে রেকর্ড মৃত্যুর ঘটনা ঘটেছে দেশটিতে। এদিন ২৪ ঘণ্টার মধ্যে মারা যায় ৩২ জন।

ভারতে এত অল্প সময়ে করোনায় এত মৃত্যু এই প্রথম।  নতুন আক্রান্ত হয়েছে ৭৭৩ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য দেয়।